গরু চুরি করে ভূরিভোজ: বিএনপি নেতাকে অব্যাহতি, মামলা দায়ের

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৪:৫৫

জামালপুরের মাদারগঞ্জে চুরি করা গরুর মাংস দিয়ে ভূরিভোজ করার ঘটনায় অবশেষে ওই আদারভিটা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলা বিএনপি র আহবায়ক এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। 

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাকে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হলো। 

এদিকে চুরি হওয়া গরুর মালিক উপজেলার খামার মাগুরা গ্রামের কৃষক এফাজ উদ্দিন বাদী হয়ে মাদারগঞ্জ থানার মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীসহ ৫ জননের নামে মামলা করেছে। 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  হাসান আল মামুন বলেন, শনিবার এই ঘটনায় দক্ষিণ কয়ড়া গ্রামের সুমন, বজলু আটক করা হয়েছে। অভিযুক্ত মুক্তা চৌধুরী পলাতক রয়েছে।

এর আগে গত শনিবার উপজেলা মহিলা দলের সমাবেশে লোক জমায়েত করার জন্য বিএনপি সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী ও তার দুজন কর্মী একই উপজেলার খামার মাগুরা গ্রামের কৃষক এফাজ উদ্দিনের গরু চুরি করে এবং  ওই নেতা এবং তার স্ত্রী মহিলা দলের জেলা কমিটির নেত্রী লায়লা খাতুন ইতি ভুরিভোজ আয়োজন করে। গরু চুরির বিষয়টি জানাজানি হলে লোকজন তাদের গণপিটুনি দেয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে কৌশলে মুক্তা ও তার স্ত্রী ইতি পালিয়ে গেলেও পুলিশ বিএনপি নেতা সুমন মিয়া ও কসাই বজলু কে গরুর চামড়াসহ আটক করে।

ইত্তেফাক/এএইচপি