ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ৩০০ সেনা নিহত, দাবি দক্ষিণ কোরিয়ার

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:৩১

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে উত্তর কোরিয়ার প্রায় ৩০০ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। সোমবার (১৩ জানুয়ারি) সিউলের জাতীয় গোয়েন্দা সংস্থার এক ব্রিফিংয়ের পর সংসদ সদস্য লি সিয়ং-কুউন বলেন, ৩০০ জন নিহতের সঙ্গে প্রায় ২ হাজার ৭০০ জন আহত হয়েছেন।

সিউলের গোয়েন্দা সংস্থার বিশ্লেষণে জানানো হয়েছে, উত্তর কোরিয়ার সৈন্যদের 'আধুনিক যুদ্ধ সম্পর্কে বোঝার অভাব' রয়েছে। সেই সঙ্গে রাশিয়া তাদের এমনভাবে ব্যবহার করছে, যাতে 'হতাহতের সংখ্যা বেশি' হয়।

সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভ উত্তর কোরিয়ার দুই সেনাকে আটক করেছে। রাশিয়ায় আটক ইউক্রেনের যুদ্ধবন্দিদের বিনিময়ে উত্তর কোরিয়ার সেনাদের হস্তান্তর করতে প্রস্তুত কিয়েভ।

তবে মস্কো সোমবার উত্তর কোরিয়ার সেনাদের আটকের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা কোনোভাবেই এটি নিয়ে মন্তব্য করতে পারি না। আমরা জানি না সেখানে আসলে সত্যটা কি। আমাদের কাছে প্রতিটি সৈনিকের জীবন গুরুত্বপূর্ণ।

ইত্তেফাক/এসকে