নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন। এ সময় আরও এক যুবক গুরুতর আহত হয়।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের সামনে ঐ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, ভোলা জেলার চরফ্যাশন থানার উত্তর মনিরাজ গ্রামের মৃত আব্দুস সাত্তার মিয়ার ছেলে শুভ (২২) ও শেরপুর জেলার ঝিনাইগাতী থানার ফুলহারি বাকাগোড়া গ্রামের মৃত পারভেজের ছেলে ইমন (২১)। তারা দুজনই সিদ্ধিরগঞ্জের মিজমিজি মজিববাগ এলাকার ইসমাইল চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া। শুভ স্থানীয় আনন্দ ক্যাবল নামে একটি ব্রডব্যান্ড (ইন্টারনেট) প্রতিষ্ঠানে চাকরি করতেন। আটক ট্রাকচালক আনোয়ার হোসেন (৫৩) কুষ্টিয়া জেলা সদরের বটতলী দক্ষিণপাড়া এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল যোগে তিন যুবক আদমজী ইপিজেডের সামনে একটি ইজিবাইককে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ তিনজনই সড়কের উপর পড়ে যায়। তখন দ্রুতগতিতে আসা (কুষ্টিয়া ট-১১- ১২৫৮) একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। রবিন নামে আরও এক যুবক গুরুতর আহত হন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, ঐ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে। নিহতের স্বজনদের আপত্তিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হন্তান্তর করা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

