দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই ১১শ’ মুরগির বাচ্চা

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১৬:৪০

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একটি পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে ১১শ’ মুরগির বাচ্চা পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) এ ঘটনায় নবাবগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ। এর আগে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার গালিমপুর মিয়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে। এতে খামারে থাকা মুরগির বাচ্চা পুড়ে যাওয়ার পাশাপাশি বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী খামারি।

খামারি মো. শাহজাহান মাদবর বলেন, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে খামারে আগুন জ্বলতে দেখেন প্রতিবেশী গিয়াস উদ্দিন ও তার স্ত্রী। তারপর তারা আমাকে ডেকে তুলেন। পরে আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পাশের পুকুরে থাকা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে খামারে থাকা ১১শ মুরগির বাচ্চা আগুনে পুড়ে মারা যায়। অজ্ঞাত দুর্বৃত্তরা শত্রুতা করে খামারে আগুন দিয়েছে। আমি থানায় অভিযোগ করেছি।

নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রহমান বলেন, শত্রুতার কারণে খামারে আগুন দেওয়া হয়েছে এমন অভিযোগ করছেন ভুক্তভোগী। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ইতোমধ্যে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুন লাগার কারণ অনুসন্ধান হচ্ছে। এ ঘটনায় যদি কেউ জড়িত থাকে তাহলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এপি