চুরির ঘটনা ঢাকতেই সেই কেয়ারটেকারকে খুন, গ্রেপ্তার ৩

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ২০:১৭

ফরিদপুরের ভাঙ্গায় ওয়াব মাতুব্বর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের বলছে, চুরির ঘটনায় চোরদের চিনে ফেলায় খুন হন বাড়ির কেয়ারটেকার ওয়াব মাতুব্বর।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল।

গ্রেপ্তাররা হলেন- ভাঙ্গা উপজেলার আলেখারকান্দার রাজ্জাক কাজীর ছেলে আমিন কাজী (৪০), সদরপুর উপজেলার চর ব্রাহ্মন্দী গ্রামের কাইয়ুম হাওলাদার ছেলে অভি হাওলাদার (২৪) ও হাজেরিয়া হাজীরকান্দি গ্রামের মজিবর রহমানের ছেলে আব্দুর রহমান (২০)।

পুলিশ জানায়, আসামিরা ভেবেছিল যেহেতু বাড়ির মালিক অনেক বড়লোক বাড়িতে মূল্যবান মালামাল পাবে। সে উদ্দেশ্যে চুরি করতে ঢুকে ছিল। বাড়িতে চুরি করার চেষ্টার এক পর্যায়ে কেয়ারটেকার দেখে ফেলায় তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। তবে তারা বাড়িতে তেমন কোনো মালামাল পায়নি। 

পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল বলেন, পুলিশ প্রথমে চুরি হওয়া বাড়ির প্রতিবেশী সন্দেহভাজন আমিনকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেয়া তথ্যমতে ১৩ জানুয়ারি দিনভর অভিযান চালিয়ে বাকি দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, গত ৮ জানুয়ারি রাতে ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রাম থেকে ডাক্তার জামাল উদ্দিন খলিফার বাড়ির কেয়ারটেকার ওহাব মাতুব্বরের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। 

জামাল উদ্দিন কয়েক মাস আগে মারা যান। তিনি মারা যাওয়ার পর তার ৩ তলা বাড়িটি ফাঁকা থাকতো। তার দুই মেয়ে ও স্ত্রী পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। তাই ওই বাড়ির দেখভাল করার জন্য ওহাব মাতুব্বর বাড়ির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন।

ইত্তেফাক/এপি