কক্সবাজার সৈকত তীরের ঝাউবনে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানী টিপু হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের পুলিশ সুপার রহমত উল্লাহ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। আটক তিনজন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলে জানিয়েছেন তিনি। তাছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী জানান, আটক ৩ জনের মাঝে একজন নারী। বিস্তারিত বুধবার (১৫ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে জানানো হবে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান এসপির বরাতে জানান, তিনজনকেই মৌলভীবাজার থেকে মঙ্গলবার বিকেলে আটক করা হয়। তাদের কক্সবাজার নিয়ে আসা হচ্ছে।
উল্লেখ্য, ৫৪ বছর বয়সী টিপুকে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সী-গালের সামনে ঝাউবন সংলগ্ন ফুটপাতে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর তাকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগ করেছে তার পরিবার। পাশাপাশি এক চরমপন্থী নেতা হত্যা মামলায় অন্যদের সাথে তাকেও আসামি করা হয়। এ মামলার সবাই খুনের শিকার হয়েছেন। শুধু বাকি ছিলেন টিপু। তিনিও কক্সবাজারে খুন হওয়ায় পরিকল্পিত হত্যা হয় বলে ধারণা পরিবারের সদস্যদের।

