ব্যাংকিং সুবিধাসহ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সব কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির প্রায় ৪০ হাজার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০ টায় আশুলিয়ার নবীনগর থেকে বাড়ইপাড়া পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। পরে দুপুর ১টার দিকে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকরা জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানাগুলো বন্ধ হওয়ার কারণে প্রায় ৪০ হাজার শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীর পরিবার দুর্বিষহ জীবন-যাপন করছে। তাই বন্ধ হওয়া সব কারখানা খুলে দেওয়া, ব্যাংকিং সুবিধাসহ নানা দাবি জানিয়ে তারা মানববন্ধন কর্মসূচি পালন করছেন।
এছাড়াও তিন দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন তারা। দাবিগুলো হলো আমদানি-রপ্তানি ও কোম্পানি সচল রাখতে এলসি সুবিধা প্রদান, দ্রুত লে অফ তুলে কোম্পানির সব কার্যক্রম স্বাভাবিক করা এবং দ্রুততম সময়ের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা।
বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু জানান, সরকারের উচিত হবে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে একটা সুষ্ঠু সমাধান বের করা, যেন তাদের আর সড়কে নামতে না হয়। সেইসঙ্গে বিষয়টিকে কেন্দ্র করে কোনো তৃতীয় পক্ষ যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেদিকে প্রশাসনের কঠোর নজরদারী রাখার আহ্বান জানান তিনি।
বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের (বিজিডি) সহকারী ব্যবস্থাপক আলিম উদ্দিন জানান, বেক্সিমকোর সব কারখানা খুলে দেওয়ার দাবিতে এই মানববন্ধন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাজীপুর অঞ্চল) আবু হাসান মিয়া জানান, বেক্সিমকোর শ্রমিকরা তাদের দাবি নিয়ে মহাসড়কের পাশে শান্তিপূর্ণ মানববন্ধন করেছে। রাস্তাঘাটের যানবাহন চলাচল যাতে স্বাভাবিক থাকে সেজন্য গাজীপুর হাইওয়ে পুলিশের পাশাপাশি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের বিপুল সংখ্যক সদস্য সেখানে মোতায়েন ছিল।
