ঝিনাইদহের কোটচাঁদপুরের বলুহর বাসস্ট্যান্ড এলাকায় একটি কাঠ ডিজাইন কারখানায় বয়লার বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কোটচাঁদপুর উপজেলার সিঙ্গিয়া গ্রামের ওমর আলির ছেলে মিল্টন ও একই গ্রামের ক্ষিতিশের ছেলে রাম।
কোটচাঁদপুরের স্থানীয় সাংবাদিক এম রায়হান উদ্দিন জানান, মিজানুর রহমানের কাঠের ডিজাইন কারখানায় কাজ করছিলেন মিস্ত্রী মিল্টন ও রাম। পাশেই বয়লারের ভেতর কাঠ সিজনিং চলছিল। হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মিল্টন ও রাম।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার ব্রিগেড কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ২ জনকে উদ্ধার করে যশোর ২৫০ বেড হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। বয়লারে অতিরিক্ত উত্তাপে বিস্ফোরণ ঘটতে পারে।
