বাড়ি চিনিয়ে দেওয়ার কথা বলে নবাবগঞ্জে স্কুলছাত্রকে অপহরণ, আটক ৫

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১৮:৫৩

ঢাকার নবাবগঞ্জে অপহরণের প্রায় তিন ঘণ্টা পর প্রতীক সরকার (১৩) নামের ৭ম শ্রেণির এক ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় স্কুলে যাওয়ার পথে নবাবগঞ্জ থেকে ওই স্কুলছাত্রকে অপহরণ করা হয়। বিষয়টি জানাজানি হলে দুপুর ১২টার দিকে দোহার থানার সীমান্তবর্তী সাইনপুকুর এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে অপহরণকারীদের শনাক্ত এবং গ্রেপ্তারের সক্ষম হয় পুলিশ।

প্রতীক সরকার স্থানীয় হলিক্রস উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ও উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ঘোষপাল এলাকার বাসিন্দা। তাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার পারভেজ আহমেদ (৪০), রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মোক্তার হোসেন আকাশ (৩৯) ও জুরাইন পশ্চিম ধোলাইপাড়ের জুম্মন খান (৪১), মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার আতিক হালদার (৪৪) ও চাঁদপুরের মো. মিজান (৫৩)।

পুলিশ জানায়, বুধবার সকাল ৯টার দিকে প্রতীক বাসা থেকে স্কুলের উদ্দেশে রওনা হয়। কিছু দূর যাওয়ার পর রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কার থেকে তাকে ডাক দেন কয়েকজন। এতে সাড়া দিয়ে এগিয়ে গেলে অপহরণকারী চক্রের এক সদস্য প্রতীকের বাবা কোথায় জানতে চান। বাড়ি দেখিয়ে দেওয়ার কথা বলে শিশুটিকে তারা গাড়িতে তুলে নেন। গাড়িটি নবাবগঞ্জ থেকে দোহার হয়ে শ্রীনগর মহাসড়কের দিকে যায়।

অন্যদিকে সকাল ১০টার পর স্কুল থেকে প্রতীকের অনুপস্থিতির বিষয়টি পরিবারের কাছে জানানো হয়। তখন প্রতীকের বাবা ও স্বজনেরা দ্রুত বিষয়টি নবাবগঞ্জ থানা-পুলিশকে জানান। পরে দোহার ও নবাবগঞ্জের প্রতিটি রাস্তায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হয়। এক পর্যায়ে দোহার থানার সীমান্তবর্তী সাইনপুকুর এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে গাড়িটি শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। এসময়  ওই গাড়ি থেকে হাত-পা বাঁধা অবস্থায় প্রতীককে উদ্ধার করা হয় ও গাড়িতে থাকা ৫ জনকে আটক করা হয়।

প্রতীকের বাবা সঞ্জয় সরকার বলেন, আমি থানায় আছি। পরে বিস্তারিত বলবো।

নবাবগঞ্জ থানার ওসি মুমিনুল ইসলাম বলেন, ভিকটিম উদ্ধার হয়েছে। অপহরণকারী চক্রের ৫জন আটক আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এপি