চুয়াডাঙ্গা দর্শনা সীমান্ত এলাকা থেকে নাজিম উদ্দিন (৪০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নাজিম উদ্দিন দর্শনা পৌরসভার দক্ষিণ চাদপুর গ্রামের এরশাদ আলীর ছেলে।
পুলিশ জানায়, সীমান্তের ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে বুধবার সকালে একটি মরহদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
দর্শনা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মো. হাবিব জানান সীমান্তের জিরো পয়েন্ট থেকে প্রায় দুইশ’ গজ বাংলাদেশের ভেতরে একটি জমিতে পড়ে ছিল ওই লাশ।
দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর জানান, বাংলাদেশ সীমানায় নাজিম উদ্দিন নামে এক যুবকের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।
মহেষপুর বিজিবি-৫৮ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত ব্যাক্তির বড় ভাইয়ের সঙ্গে কথা বলে জেনেছি, শ্রমিকের কাজে গিয়ে হার্ট অ্যাটাকে মারা যান ওই ব্যক্তি।
