পাঠ্যবইয়ে 'আদিবাসী' শব্দসংবলিত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বুধবারের (১৫ জানুয়ারি) হামলায় জাতীয় নাগরিক কমিটির ধানমন্ডি থানা প্রতিনিধি শাহাদাৎ ফরাজী সাকিবের সংশ্লিষ্টতার অভিযোগ এনেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের দাবি, ওই হামলায় জাতীয় নাগরিক কমিটির ধানমন্ডি থানা প্রতিনিধি শাহাদাৎ ফরাজী সাকিবের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যাচ্ছে। ভিডিও ফুটেজ এবং অভিযুক্ত ব্যক্তির সোশ্যাল মিডিয়া কার্যক্রমে সেটি স্পষ্ট।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা ধারণ করে নাগরিক সমাজকে প্রতিনিধিত্ব করার অভিপ্রায়ে গঠিত, জাতীয় নাগরিক কমিটির একজন প্রতিনিধি জাতিগত বিভাজন জিইয়ে রাখা ও ন্যাক্কারজনক হামলায় জড়িত থাকা মোটেই বাঞ্ছনীয় নয়।
আমরা আশা করি হামলায় সংশ্লিষ্টতার দায়ে অভিযুক্ত শাহাদাৎ ফরাজী সাকিবের বিষয়ে জাতীয় নাগরিক কমিটি অতিদ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে গণঅভ্যুত্থানের স্পিরিটের প্রতি নিজেদের দায়বদ্ধতার পরিচয় দেবে।

