স্লোভাকিয়ায় স্কুলে ছুরি হামলা, নিহত ২

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ২০:৪১

স্লোভাকিয়ার উত্তরাঞ্চলের একটি স্কুলে ছুরি হামলায় দুই জন নিহত হয়েছেন। রয়টার্স জানিয়েছে, এক ছাত্র ছুরি নিয়ে শিক্ষক ও দুই সহপাঠীর ওপর হামলা চালায়।

স্লোভাকিয়ার জরুরি বিভাগের মুখপাত্র দানকা কাপাকোভা রয়টার্সকে জানান, রাজধানী ব্রাতিস্লাভা থেকে ৩৭৬ কিলোমিটার উত্তর-পূর্বে পোল্যান্ড সীমান্তের কাছে দুই হাজারের বেশি জনসংখ্যার শহর স্পিসকা স্টারা ভেসের একটি হাইস্কুলে ঘটনাটি ঘটেছে। বেশ কয়েকজন জরুরি কর্মকর্তাকে সেখানে পাঠানো হয়েছে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে পুলিশ জানিয়েছে, এক ছাত্র একজন শিক্ষক ও দুই সহপাঠীর ওপর হামলা চালিয়েছে। ১৮ বছর বয়সী হামলাকারী ছাত্রকে ঘটনার অল্প সময়ের মধ্যেই আটক করা হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সন্দেহভাজনকে দ্রুত আটকের কারণে বর্তমানে তাৎক্ষণিক কোনো বিপদ নেই। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে। স্বরাষ্ট্র ও শিক্ষামন্ত্রীসহ পুলিশ প্রধান ঘটনাস্থলে যাচ্ছেন।

মাত্র ৫৪ লাখ জনসংখ্যার মধ্য ইউরোপের দেশ স্লোভাকিয়ায় ভয়াবহ সহিংসতার ঘটনা বিরল। গত মে মাসে প্রধানমন্ত্রী রবার্ট ফিকো আততায়ীর গুলিতে নিহত হলে দেশটি স্তম্ভিত হয়ে পড়ে।

ইত্তেফাক/এসকে