প্রিমিয়ার ফুটবল লিগের অষ্টম রাউন্ডের খেলা শুরু হবে আজ। ১০ দল নিয়ে ৯ রাউন্ডের মধ্যে প্রথম পর্বের আর এক রাউন্ড বাকি আছে। আজ এবং আগামীকাল অষ্টম রাউন্ডের পর নবম রাউন্ড হবে ২৪ ও ২৫ জানুয়ারি। শেষ হয়ে যাবে লিগের প্রথম পর্ব। এর মধ্যে ২১ জানুয়ারি একদিন ফেডারেশন কাপের খেলা রয়েছে। লিগের দ্বিতীয় পর্ব শুরু হবে ১৬ অক্টোবর।
মধ্যবর্তী খেলোয়াড় রেজিস্ট্রেশন ৫ ফেব্রুয়ারি হতে শুরু হওয়ার কথা থাকলেও সেটি এগিয়ে এনে ১ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। রেজিস্ট্রেশন চলাকালীন লিগের খেলাও চলবে। লিগের প্রথম পর্বের খেলায় এখনো মোহামেডান সবার ওপরে রয়েছে। কোনো ম্যাচে পয়েন্ট হারায়নি।
গত মৌসুমের মোহামেডানের চেয়ে এবারের মোহামেডান তুলনায় কম শক্তির দল। একাধিক ভালো ফুটবলার দল ছেড়েছে। তারপরও গোল গড়ে মোহামেডান অনেক এগিয়ে। দ্বিতীয়স্থানে উঠেছে আবাহনী। পিছিয়ে নেই পুরান ঢাকার দল রহমতগঞ্জ। গত বারের রেলিগেশন হওয়া ব্রাদার্স এবার নতুন শক্তিতে দৌড়াচ্ছে। আবাহনী-রহমতগঞ্জ-ব্রাদার্স-এই ৩ দল মোহামেডানকে স্পর্শ করার লড়াই করছে।
গত কয়েক মৌসুম ১ নম্বরে থাকা প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস রয়েছে ৫ নম্বরে। লিগের ১০ দলের মধ্যে একমাত্র দল চট্টগ্রাম আবাহনী এখনো জয় পায়নি। এবারের লিগে নতুন উঠে আসা ওয়ান্ডারার্স এবং ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ধুঁকছে। এখন পর্যন্ত ১টি করে জয় পেয়েছে তারা। পুলিশ এবং ফর্টিস এফসি বড় বাজেটের দল হলেও মাঠের খেলা এবং সাংগঠনিক পরিচালনা দেখে মনে হচ্ছে তারা সঠিক পরিকল্পনা এবং সাংগঠনিক দক্ষতার অভাবে ভালো কিছু করতে পারছে না।
