‘গাজায় যুদ্ধবিরতি নিয়ে কিছুই করেননি বাইডেন’ 

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১৫:১৯

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির চুক্তি নিয়ে এবার খোলাসা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে এই চুক্তির কৃতিত্ব দাবি করায় বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেছেন ট্রাম্প। খবর এএফপির। 

ট্রাম্প বলেছেন, তিনি এবং তার আসন্ন প্রশাসন চাপ সৃষ্টি না করলে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি কখনো হতো না। 

দ্বিতীয় মেয়াদে অভিষেকের চারদিন আগে ট্রাম্প ড্যান বোঙ্গিনো শো’তে বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক রাষ্ট্রদূত স্টিভ উইটকফসহ তার দলের চাপ ছাড়া আলোচনা কখনোই চূড়ান্ত হতো না।

ট্রাম্প বলেন, আমরা যদি এই চুক্তির সঙ্গে জড়িত না থাকতাম, তাহলে চুক্তি কখনোই হতো না। তিনি আরও বলেন, আমরা চুক্তির গতিপথ পরিবর্তন করেছি, এবং তা দ্রুতই করেছি। সত্যি বলতে আমি দায়িত্ব নেওয়ার আগে এটা একটা ভালো কাজ।’ 

চুক্তির শর্তাবলী নিয়ে আলোচনা করতে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা আজ শুক্রবার বৈঠকে বসবে। আগামী সোমবার ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের আগে রোববার থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবে। 

এর আগে এই যুদ্ধবিরতি চুক্তির কৃতিত্ব নেওয়ার দাবি করেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। এনিয়ে বাইডেনের নিন্দা করেছেন এবং তাকে ‘অকৃতজ্ঞ’ বলেছেন ট্রাম্প।  

ট্রাম্প বলেন, ‘তিনি কিছুই করেননি। আমি যদি এটা না করতাম, বা আমরা যদি না জড়াতাম তাহলে জিম্মিরা কখনোই বেরিয়ে আসতে পারবে না।’

এএফপি জানিয়েছে, ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদন পেলে যুদ্ধবিরতি চুক্তি আগামী রোববার থেকে কার্যকর হবে। এতে ফিলিস্তিনি বন্দি বিনিময় সঙ্গে ইসরায়েলি জিম্মি বিনিময় অন্তর্ভুক্ত থাকবে। পরে যুদ্ধের স্থায়ী সমাপ্তির শর্তাবলি চূড়ান্ত করা হবে।  

ইত্তেফাক/এসআর