আইসিইউ থেকে জেনারেল বেডে সাইফ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১৬:৪০

দুর্বৃত্তের হামলায় আহত অবস্থায় বলিউড অভিনেতা সাইফ আলি খানকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচার করেন। এদিকে ভারতীয় গণমাধ্যম টাইস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ‘সাইফের জ্ঞান ফিরেছে। আপাতত এক সপ্তাহ হাঁটাচলা করতে পারবেন না তিনি।’

প্রতিবেদনে আরও বলা হয়, তবে উদ্বেগের কিছু নেই। চিকিৎসকরা তাকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন। পাশাপাশি আইসিইউ থেকে  তাকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে। পরিবারের সদস্য এবং খুব ঘনিষ্ঠ বন্ধু ছাড়া অভিনেতার কাছে আর কাউকে যেতে দেওয়া হচ্ছে না। 

চিকিৎসকদের মতে, সব ঠিক থাকলে শুক্রবার হাসপাতাল থেকে সাইফ ছাড়া পেতে পারেন। সবটাই নির্ভর করছে তার শারীরিক পরিস্থিতির উপর।

আহত সাইফ আলি খানকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। ছবি: সংগৃহীত

অভিনেতার শারীরিক পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন লীলাবতী হাসপাতালের চিফ অপারেটিং অফিসার চিকিৎসক নীরজ উৎমানি। তিনি বলেন, অভিনেতাকে একদিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে আরও বেশি সময় তাকে হাসপাতালে রাখা হতে পারে। 

চিকিৎসকের কথায়, ‘ভর্তি করানোর সময় অভিনেতার শরীরের বিভিন্ন অংশ থেকে রক্তক্ষরণ হয়েছে। ছুরির গেঁথে যাওয়া অংশ শরীর থেকে বের করতে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে।’

এদিকে সাইফ আলি খানের ওপর হামলাকারী সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম টাইস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, বান্দ্রা রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনার করে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। 

ভারতীয় আরেক সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ওই যুবক সম্পর্কে এখনও বিশেষ কোনো তথ্য পাওয়া যায়নি। এই যুবকই যে সাইফের ওপর হামলা চালিয়েছিলেন, তাও এখনও নিশ্চিত নয়।

ইত্তেফাক/এসএ