‘‌ঈমান ঠিক আছে তো’, জয়ার প্রশ্ন

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১৯:৪২

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি রাখা ও না রাখাকে কেন্দ্র করে আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। এবার এই হামলার প্রতিবাদ জানালেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।

জয়া ফেসবুকে লিখেছেন, ‘আদিবাসী’ নাগরিকদের রক্তে ঢাকার রাস্তা যেভাবে রক্তাক্ত করা হলো, সেটা মর্মান্তিক। এই রক্ত বৈষম্যবিরোধী আন্দোলনের জখম-আত্মা থেকেই বের হল। কারণ বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে আদিবাসীরাও শরিক হয়েছিল।’

জয়া আহসান। ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, ‘একদিকে আমরা সংবিধানের বৈষম্য দূর করতে চাচ্ছি, অন্যদিকে সংবিধানের দোহাই দিয়ে আদিবাসীদের ওপর হামলা করছি। আমাদের ঈমান ঠিক আছে তো? এ দেশ থেকে সব ধরনের বৈষম্য দূর হোক।’

এর আগে, বুধবার দুপুরে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ব্যানারে একদল লোক পাঠ্যবইয়ে ‘আদিবাসী' লেখা গ্রাফিতি পুনর্বহালের দাবিতে এনসিটিবির সামনে কর্মসূচি পালন করতে যান। একই সময়ে সেখানে হাজির হয় ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ নামে একটি সংগঠনের সদস্যরা। সেখানে দুই পক্ষের মধ্যে বাদানুবাদের ঘটনা ঘটে। এক পর্যায়ে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র লোকজনের ওপর হামলার ঘটনা ঘটে এবং তাতে বেশ কয়েকজন আহত হন।

জয়া আহসান। ছবি: সংগৃহীত

আদিবাসী শিক্ষার্থীদের কর্মসূচিতে এই হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে একটি মিছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়ার চেষ্টা করে। শিক্ষাভবনের সামনে তাদের বাধা দেয় পুলিশ। এই সময় দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এতে তিন শিক্ষার্থীসহ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইত্তেফাক/এসএ