স্বাস্থ্যবিমা সংক্রান্ত নথি ফাঁস, সাইফ হাসপাতাল ছাড়ছেন কবে?

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৮:২১

বলিউড তারকা সাইফ আলি খান বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বান্দ্রার বাড়িতে হামলার শিকার হন। এখন তিনি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে অভিনেতা কেমন আছেন? কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন? এসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা আলোচনা করছেন। এরই মধ্যে তার স্বাস্থ্যবিমার নথি ফাঁস হয়েছে নেটদুনিয়ায়।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৬ লাখ রুপির একটি স্বাস্থ্যবিমা রয়েছে সাইফের। ফাঁস হওয়া নথির মাধ্যমে বিমার ঊর্ধ্বসীমা থেকে শুরু করে চিকিৎসা সংক্রান্ত বেশ কিছু তথ্যও প্রকাশ্যে এসেছে।

দুর্বৃত্তের হামলার শিকার হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাইফ। ছবি: সংগৃহীত

হাসপাতাল সূত্রে জানা যায়, আগামী ২১ জানুয়ারি হাসপাতাল ছাড়তে পারেন সাইফ। তাই স্বাস্থ্যবিমা কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেন খান পরিবার। এরপরই বিমা সংস্থাটি একটি বিবৃতি জারি করে।
 
ওই বিবৃতিতে লেখা, ‘সাইফ আলি খান আমাদের গ্রাহক। যে অঙ্কের টাকা চাওয়া হয়েছিল, প্রাথমিক পর্যায়ে আমরা আংশিক অর্থ অনুমোদন করেছি। সম্পূর্ণ চিকিৎসা সম্পন্ন হলে বাকিটাও দিয়ে দেয়া হবে। এই কঠিন সময়ে আমরা সাইফ এবং তার পরিবারের সঙ্গেই রয়েছি।’

সাইফ আলি খান। ছবি: সংগৃহীত

জানা যায়, ৩৬ লাখ টাকার স্বাস্থ্যবিমা থাকায় ইতিমধ্যে ২৫ লাখ টাকা খান পরিবারের কাছে তুলে দিয়েছেন বিমা কর্তৃপক্ষ। বাকি টাকা তারা সাইফ হাসপাতাল ছাড়ার দিন  যথাসময়ে পরিশোধ করবেন।
 
এদিকে নেটদুনিয়ায় সাইফের স্বাস্থ্যবিমা সংক্রান্ত নথি ফাঁস হওয়ার পর অনেক নেটিজেনই দুশ্চিন্তা প্রকাশ করেছেন নিরাপত্তা প্রসঙ্গে। নেটিজেনদের একাংশ বলছেন, সাধারণ মানুষকে বিমা কোম্পানি থেকে টাকা পেতে অনেক বেগ পেতে হয়। তারকা বলেই কম সময়ে সিংহভাগ টাকা পাওয়ার অনুমোদন পেয়েছে খান পরিবার।

ইত্তেফাক/এসএ