বলিউড অভিনেতা সাইফ আলি খানকে হামলায় জখম করার দুদিন পর দুষ্কৃতীর নতুন দুটি ছবি প্রকাশ্যে এসেছে। একটি ছবিতে দেখা গেছে, সাইফের বান্দ্রার বাড়িতে যে জামা পরে দুষ্কৃতী এসেছিলেন, পরে সেই জামা বদলে অন্য পোশাক গায়ে চাপিয়ে নিয়েছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, সিসিটিভির ফুটেজ থেকে এই ছবি হাতে এসেছে পুলিশের। আরও একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হামলার পর দুষ্কৃতী একটি দোকান থেকে হেডফোন কিনছেন।
পুলিশ সূত্র জানাচ্ছে, হামলার পর দুষ্কৃতীকে দাদর-এর লক্ষ্মী হোটেলের কাছে ‘ইকরা’ নামে একটি মোবাইল ফোনের দোকান থেকে হেডফোন কিনতে দেখা গেছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৯টা নাগাদ লক্ষ্মী হোটেল এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মুম্বাই অপরাধ দমন শাখা দুষ্কৃতীর ছবি দেখতে পেয়েছে। আরেকটি ছবিতে দেখা গেছে, বান্দ্রা রেলস্টেশনে সে পোশাক পরিবর্তন করেছে।
Mumbai, Maharashtra: Officers from the Crime Branch visited the Kabutarkhana area in Dadar and collected CCTV footage from a mobile shop named "Iqra" from where he purchased headphones after attacking actor Saif Ali Khan pic.twitter.com/ILxBjsD7eZ
— IANS (@ians_india) January 18, 2025
পোশাক বদলের কারণ হচ্ছে, পুলিশের চোখে ধুলো দেওয়া। কিন্তু তার পিঠে থাকা ফাস্ট ট্র্যাক ব্র্যান্ডের ব্যাগটি তাকে চিনিয়ে দিয়েছে।
ঘটনার পর প্রায় ৭২ ঘণ্টা কাটতে চললেও মুম্বাই পুলিশের অন্তত ৩০-এর বেশি টিম তল্লাশি চালিয়েও দুষ্কৃতীকে ধরতে পারেনি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ দাবি করেছেন, পুলিশ অনেকগুলো সূত্র ধরে তদন্ত চালাচ্ছে। খুব শিগগিরই হামলাকারী ধরা পড়বে, সে কোনওমতেই পালিয়ে বেড়াতে পারবে না।
পুলিশ সূত্র জানাচ্ছে, সাইফ আলি খানকে হামলার পর দুষ্কৃতী বান্দ্রা এলাকাতেই ঘণ্টা পাঁচেক ছিল। গত তিনদিনে দুষ্কৃতীর চারটি ছবি প্রকাশ্যে এসেছে। প্রথম ছবিতে একটি হলুদ রঙের জামা পরেছিল সে। পরে বান্দ্রা স্টেশন ও মোবাইলের দোকানে তাকে নীল রঙের জামায় দেখা যায়।
