মাঠে অনেকবার বর্ণবাদের শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। গত কয়েক বছর ধরেই বর্ণবাদের বিরুদ্ধে লড়ছেন তিনি। বিভিন্ন ক্লাবের বেশ কয়েকজন সমর্থক শাস্তিও পেয়েছেন স্টেডিয়ামে বর্ণবাদী আচরণ করে। তবুও যেন থামছে না বর্ণবাদী আচরণ। এবার বর্ণবাদের শিকার হয়েছেন বার্সেলোনার ডিফেন্ডার আলেহান্দ্রো বালদে।
শনিবার (১৮ জানুয়ারি) লা লিগার তলানীর দল গেতাফের বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। পুঁচকে গেতাফের সঙ্গে ১-১ গোলে ড্র করে হোঁচট খায় কাতালানরা। তবে ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় আসে বালদের বর্ণবাদের শিকার হওয়া।
ম্যাচচ শেষে গণমাধ্যমকে বালদে তার সঙ্গে হওয়া বর্ণবাদী আচরণের বিষয়টি জানিয়েছেন। ম্যাচ চলাকালীন এই ঘটনা রেফারির নজরে আনলে তিনি (রেফারি) বর্ণবাদ বিরোধী প্রটোকল যথাযথভাবে চালু করেন বলেও জানান এই ডিফেন্ডার।
মুন্দো দেপোর্তিভোকে বালদে বলেন, 'আমাকে বর্ণবাদী উপহাস করা হয়েছে। এটা প্রথমার্ধ চলাকালীন সময়ে ঘটে এবং ম্যাচ শেষ হলে আমি রেফারিকে এটা জানাই, সে তখন প্রটোকল চালু করে।'
এই ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করা গঞ্জালেস ফুয়ের্তেস আনুষ্ঠানিক ম্যাচ রিপোর্টে এই ঘটনার উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, 'ম্যাচের অর্ধ-বিরতির সময় এবং এখনও (ম্যাচের শেষে) মাঠে, অতিথি দলের ৩ নম্বর খেলোয়াড় আমার ২ নম্বর সহকারীকে বলেছিল যে তার প্রতি বর্ণবাদমূলক প্রকৃতির বার্তা উচ্চারিত হয়েছে।'
রিপোর্টে তিনি আরও লিখেছেন, 'ড্রেসিং রুমে পৌঁছে, আমি উভয় দলের প্রতিনিধি এবং ইউসিও-কে জানাই এবং দ্বিতীয়ার্ধ শুরুর আগে বর্ণবাদবিরোধী প্রোটোকল কার্যকর করি।'
এছাড়া বালদে ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশে বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, 'ফুটবল কিংবা জীবনে বর্ণবাদের কোনো স্থান নেই। এ ধরণের আচরণকে নির্মূল করতে আমাদের যুদ্ধ চালিয়ে যেতেই হবে। এটা লজ্জার বিষয় যে, এই ২০২৫ এ এসেও এই ধরণের ঘটনা ঘটছে।'
