ভারতে রেলের বিছানার চাদর-তোয়ালে চুরি, ধরা পড়লেন যাত্রী

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১৯:১৯

ট্রেন বা স্টেশনের পরিষেবা সংক্রান্ত বিষয়ে প্রায়শই প্রশ্নের মুখে পড়তে হয় ভারতীয় রেল কর্তৃপক্ষকে। নানা কারণে খবরের শিরোনামে থাকতে হয় তাদের। আরও একবার খবরের শিরোনামে ভারতীয় রেল।

তবে, নিজেদের দোষে নয়। দূরপাল্লার ট্রেনের কামরায় থাকা বিছানার চাদর এবং তোয়ালে চুরি করার অভিযোগ উঠল এক যাত্রীর বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। খবর এনডিটিভির।

ঘটনাটি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের। মহাকুম্ভ মেলা চলায় রেলকর্মীরা প্রয়াগরাজের প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীদের ব্যাগ পরীক্ষা করছিলেন। সেই সময় তাঁরা এক মহিলার ব্যাগ থেকে সাদা তোয়ালে এবং বিছানার চাদর খুঁজে পান। তারা বুঝতে পেরে যান সেগুলি রেলের কামরা থেকেই চুরি করা হয়েছে। 

'রেডিট'-এ দ্রুত ভাইরাল হয়ে যায় ভিডিওটি। সকলেই ওই মহিলা যাত্রীর কর্মকাণ্ডের নিন্দা করেছেন। কেউ কেউ বলেছেন, এই কারণেই রেল টিকিটের ভাড়া বৃদ্ধি করতে বাধ্য হয়। একজন মজার ছলে লিখেছেন, ওই মহিলা হয়তো ভেবেছিলেন ট্রেনের কামরায় চাদর এবং তোয়ালে দেওয়া হয়েছিল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। একজন লিখেছেন, জনগণের এ হের কীর্তিকলাপের জন্যই লোকসান হয় রেলের। 

ইত্তেফাক/এএম