মুক্তিপণেও মেলেনি নিখোঁজ ছেলে, আড়িয়াল খাঁ নদে মিলল অজ্ঞাত লাশ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ২০:৩৩

নরসিংদীতে আড়িয়াল খাঁ নদ থেকে অজ্ঞাত এক লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি নিখোঁজ স্কুল ছাত্র অনয় চন্দ্র মোদকের (১৩) বলে দাবি করেছে তার পরিবার। তবে পুলিশ বলছে, লাশ বিকৃত হয়ে যাওয়ায় ডিএনএ পরীক্ষা ছাড়া লাশের পরিচয় নিশ্চিত হওয়া সম্বভ নয়।

অনয় বেলাবো উপজেলার মাটিয়াল পাঁড়া গ্রামের গৌরাঙ্গ চন্দ্র মোদকের ছেলে। সে বেলাবো পাইলট সরকারি মডার্ন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। চলতি মাসের ১৪ তারিখ সন্ধ্যায় অনয় চন্দ্র মোদক বেলাবো বাজারে গিয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি পরও অনয়ের সন্ধান না পেয়ে ওই দিন রাতেই বেলাবো থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার।

এদিকে অনয় নিখোঁজের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর অজ্ঞাত এক ব্যক্তি অপরিচিত নম্বর থেকে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে নিখোঁজ ছেলেকে ফিরে পাবার আশায় বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা পরিশোধ করে অনয়ের পরিবার।

তবে বেলাবো থানা পুলিশ জানায়, যে নম্বর থেকে ফোন করে মুক্তপণ চাওয়া হয়েছে সেই নম্বরটির অবস্থান বর্তমানে ভোলা জেলায়। 

ইত্তেফাক/এএম