ভারতে পাচারকালে দেড় কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৭:০৭

দিনাজপুরের বিরামপুরে ১২টি স্বর্ণের বারসহ জয়দেব মহন্ত নাম এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৯ লাখ টাকা।

সোমবার (২০ জানুয়ারি) রাতে বিরামপুর-কাটলা রোডের মুকুন্দপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে মোহন্তকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন খবরের ভিত্তিতে মুকুন্দপুর এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। এক পর্যায়ে মোহন্তের চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় তাকে তল্লাশি শুরু করে তার প্যান্টের ভেতর থেকে লুকানো অবস্থায় ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক এক কোটি ৩৯ লাখ টাকা।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, এ ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে এবং আসামিকে মঙ্গলবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

ইত্তেফাক/এপি