গণ-অভ্যুত্থানে আহতরা হাসপাতাল থেকেই ভোটার হচ্ছেন 

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৯:৩৪

জুলাই গণ-অভ্যুত্থানে আহত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ৩৮ জনের ছবি ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশনের তথ্য সংগ্রহ দল এ কার্যক্রম চালায়।

নির্বাচন কমিশনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, আহতদের মধ্যে যাদের আঙুল ও চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে, নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনায় তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। আগামী দেড় সপ্তাহের মধ্যে তারা জাতীয় পরিচয়পত্র পাবেন।

তথ্য সংগ্রহকারীরা জানান, নতুন পরিচয়পত্র ছাড়াও যাদের স্মার্ট কার্ড নেই বা হারিয়ে গেছে বা সংশোধন প্রয়োজন, সেসব সেবাও দিচ্ছেন তারা।

২০ জানুয়ারি থেকে দেশজুড়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে। জুলাই অভ্যুত্থানে আহতরা যেন বাদ না পড়েন, সে লক্ষে নির্বাচন কমিশন এই বিশেষ উদ্যোগ নিয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি