কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) বিকেলে মহাসড়কের দাউদকান্দি গোমতী-মেঘনা সেতুর উপরে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- আরিফ উদ্দিন (১৮) এবং সৈকত সরকার (১৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আরিফ ও সৈকত দুজনই বন্ধু। এদের মধ্যে আরিফ দাউদকান্দির ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সালাহ উদ্দিনের ছেলে। অন্যদিকে সৈকত সরকার ইতালি প্রবাসী। বুধবার দুপুরে তারা মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। এ সময় ঢাকামুখী একটি লরী তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ বলেন, সেতুর উপরে দুর্ঘটনাটি ঘটে। তারা ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
