বেক্সিমকোর কারখানা খোলার দাবিতে বিক্ষোভ

গাজীপুরে পাঁচ শতাধিক শ্রমিকের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১৯:১৬

গাজীপুর মহানগরীর কাশিমপুরের তেঁতুইবাড়ি এলাকার গ্রামীণ ফেব্রিক্সে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি)  কারখানার জিএম মো. তরিকুল ইসলাম বাদি কাশিমপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখ এবং ৪শ’ থেকে ৫শ’ শ্রমিককে আসামি করা হয়েছে। মামলার জেরে ৪ শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম আশুলিয়া থানা সভাপতি মো. খোরশেদ আলম (৩৮), বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা শাখা সভাপতি মো. রাশেদুল কবির রাসেল মন্ডল (৪৮), আশুলিয়া বাসিন্দা শ্রমিক রিয়াজ উদ্দিন কালু (৪৪) ও কাশিমপুরের পদ্মা আবাসিক এলাকার বাসিন্দা শ্রমিক গাউসুল মোস্তফা রাজু (৩৮)।

কাশিমপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার জেরে দুই গার্মেন্টস শ্রমিক নেতাসহ ৪ জনকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে গাজীপুর মহানগর আদালতে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে গত বুধবার বিকেলে  বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া ১৬ কারখানা খুলে দেওয়ার দাবিতে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে কয়েক হাজার শ্রমিক-কর্মচারী। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটৈ। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ব্যাপক ধাওয়া পাল্টা হয়। সংঘর্ষের এক পর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে  গ্রামীণ ফেব্রিক্সে অ্যান্ড ফ্যাশন লিমিটেড কারখানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনার জেরে রাত ৮টা পর্যন্ত চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

ইত্তেফাক/এপি