কুয়াশায় মোড়ানো রাজধানী, বাড়ছে শীতের তীব্রতা

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১১:২৪

কনকনে শীতের চাদরে ঢেকে গেছে রাজধানী ঢাকা। ঘন কুয়াশার সঙ্গে বইছে শীতল হাওয়া, যা শীতের তীব্রতা আরও বাড়িয়ে তুলেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এমন আবহাওয়া আরও দুই-একদিন অব্যাহত থাকতে পারে।  

বুধবার (২২ জানুয়ারি) গভীর রাত থেকেই রাজধানীতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। হিমেল বাতাসের কারণে তাপমাত্রার অনুভূতিও কমতে শুরু করে। বৃহস্পতিবার দুপুরের দিকে সূর্যের কিছুটা দেখা মিললেও শীতের দাপট কমেনি।  

আজ শুক্রবার ভোর থেকে রাজধানীতে ঘন কুয়াশা ঝরছে বৃষ্টির মতো, যার ফলে রাস্তা হয়েছে ভেজা ও পিচ্ছিল। সকাল ৯টার পরও সূর্যের দেখা মেলেনি। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাস্তায় মানুষের চলাচল তুলনামূলক কম দেখা গেছে। যানবাহনগুলো কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।  

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত সর্বশেষ আবহাওয়া বার্তায় জানানো হয়েছে, ঘন কুয়াশার ফলে শীতের অনুভূতি আরও তীব্র হচ্ছে এবং এই পরিস্থিতি আরও এক-দুই দিন অব্যাহত থাকবে।  

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে, যার প্রভাব বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।  

তবে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে, ফলে শীতের তীব্রতা কিছুটা কমে গরমের অনুভূতি বাড়তে পারে।

ইত্তেফাক/টিএইচ