কক্সবাজারের মহেশখালীতে নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১২ রাউন্ড তাজা গুলি, ২৩টি দেশীয় অস্ত্র এবং নগদ এক লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়। যৌথ বাহিনীর দাবি, আটককৃতরা দস্যুতার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
শুক্রবার (২৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কোস্টগার্ড। এর আগে বৃহস্পতিবার ভোর ৩টার দিকে উপজেলার ধলঘাটা ইউনিয়নের মুহরীগনাসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে মহেশখালী উপজেলার ধলঘাটা এলাকার বাসিন্দাদের ওপর নির্যাতন চালাচ্ছিল কলিমউল্লাহ বাহিনী। অস্ত্র প্রদর্শন করে জমিদখল, চাঁদাবাজি, সরকারি সম্পদ ধ্বংসসহ অন্যান্য অপরাধ করে আসছিল তারা। বিষয়টি নিয়ে কোস্টগার্ডের দ্বারস্থ হন স্থানীয়রা। এর প্রেক্ষিতে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। গোয়েন্দা সূত্রে জানা যায়, কলিমউল্লাহ বাহিনীর সদস্যরা ধলঘাটা ইউনিয়নের মুহরীগনা সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবরে বৃহস্পতিবার গভীর রাতে কোস্টগার্ড ও নৌবাহিনী ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে ৬ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

