সিরিয়ায় গিয়ে দেশটির ডি-ফ্যাক্টো নেতা আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। বাশার আল আসাদের পতনের পর এটিই সৌদির শীর্ষ কর্মকর্তাদের প্রথম সরকারি সফর।
শুক্রবার (২৪ জানুয়ারি) দামেস্ক সফরকালে সিরিয়া থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে সৌদির প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন প্রিন্স ফয়সাল। সেই সঙ্গে আল-শারার সঙ্গে আলোচনায় সিরিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
আরব নিউজ জানিয়েছে, আলোচনায় সিরিয়ার রাজনৈতিক, মানবিক ও অর্থনৈতিক দিকগুলো সমর্থন করার প্রচেষ্টা নিয়েও আলোচনা করা হয়েছে। সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের চলমান প্রচেষ্টার উপর জোর দেওয়া হয়েছে।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শাইবানি প্রিন্স ফয়সাল বলেন, সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও স্থগিতকরণ ত্বরান্বিত করা গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন যাই হোক না কেন, সৌদি আরব সংশ্লিষ্ট সব দেশের সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে এবং আমরা ইতিবাচক বার্তা শুনছি।
গত ডিসেম্বরে আল-শারার হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গ্রুপ ও তার মিত্রদের হাতে ক্ষমতাচ্যুত আসাদের শাসনামলে সিরিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র।
চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, মানবিক ত্রাণ প্রবাহে সহায়তার জন্য সিরিয়ার সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে লেনদেনের ওপর নিষেধাজ্ঞা শিথিল করবে তারা। ইইউ নির্দিষ্ট কিছু খাতে নিষেধাজ্ঞা শিথিল করতে সম্মত হওয়ার কাছাকাছি রয়েছে বলে জানা গেছে।
চলতি মাসের শুরুর দিকে আল-শাইবানির নেতৃত্বে একটি প্রতিনিধি দল রিয়াদে যায়। সিরীয় প্রশাসন সৌদি আরবকে প্রথম বিদেশ সফরের জন্য বেছে নেয়।
চলতি বছরের শুরু থেকে সিরিয়ায় মানবিক ত্রাণ সরবরাহ বাড়িয়েছে সৌদি আরব। প্রিন্স ফয়সাল বৃহস্পতিবার লেবানন সফর শেষে সিরিয়ায় যান। তিনি লেবাননের নতুন প্রেসিডেন্ট জেনারেল জোসেফ আউনের সঙ্গেও সাক্ষাত করেছেন।
