মানি লন্ডারিং মামলায় তারেক রহমানের সাবেক এপিএস নুরুদ্দীন অপু খালাস

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১৭:১৫

আওয়ামী স্বৈরশাসন আমলে প্রদত্ত প্রতিহিংসামুলক মানি লন্ডারিংয়ের মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও সাবেক ছাত্রদল নেতা মিয়া নুরউদ্দিন আহমেদ অপু। সোমবার (২৭ জানুয়ারি) জেলা জজ আদালতের বিশেষ জজ রেজাউল করিম এ আদেশ দেন। 

মিয়া নুরউদ্দিন আহমেদ অপুর আইনজীবী অ্যাডভোকেট খান মোহাম্মদ মইনুল হাসান জানান, সম্পূর্ণ বানোয়াট মানি লন্ডারিংয়ের মামলা দিয়ে মিয়া নুরউদ্দিন আহমেদ অপুকে দীর্ঘদিন কারারুদ্ধ করে রাখা হয়েছিল। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক তাকে বেকসুর খালাস দিয়েছেন।

মামলার নথিতে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও দেশকে অস্থিতিশীল করতে মতিঝিল সিটি সেন্টারে ইউনাইটেড এন্টারপ্রাইজ এবং ইউনাইটেড করপোরেশনের অফিসে বিপুল পরিমাণ অর্থ মজুতের অভিযোগ পায় র‍্যাব-৩। সংবাদ পেয়ে ২০১৮ সালের ১৪ ডিসেম্বর র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়। 

অভিযানে ইউনাইটেড এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহমুদুল হাসানের ভাগ্নে এ এম হায়দার আলীকে আটক করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে তিন কোটি ১০ লাখ ৭৩ হাজার টাকা জব্দ করা হয়। ওই ঘটনায় ছয়জনসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা হয়।

ইত্তেফাক/জেডএইচডি