টাকা না পেয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিল দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। তবে সমস্যার সমাধান হয়েছে। তাই আজকের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বিদেশি ক্রিকেটারদের নিয়েই মাঠে নামবে রাজশাহী।
ম্যাচ খেলতে ইতোমধ্যেই হোটেল ছেড়েছে রাজশাহীর টিমবাস। যেখানে বিদেশি ক্রিকেটাররাও আছেন। মোহাম্মদ হারিস ছাড়া ফ্র্যাঞ্চাইজিটির বাকি বিদেশি ক্রিকেটাররা দলের সঙ্গেই আছেন। দলটির একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (২৬ জানুয়ারি) দুপুর বারটোয় পুরাতন টিম হোটেল থেকে হঠাৎ করে নতুন হোটেলে চেক ইন করে রাজশাহী দল। ম্যাচের দিন হোটেল বদল করায় বিরক্ত দলের ক্রিকেটাররাও। পরবর্তীতে গুঞ্জন উঠে পারিশ্রমিক না পেলে ম্যাচ বয়কট করবেন দলের বিদেশি ক্রিকেটাররা।
বিকেল নাগাদ নিজের ভেরিফায়েড ফেসবুক থেকে এক পোস্টে একটি ছবি প্রকাশ করেন দলটির সাবেক অধিনায়ক এনামুল হক বিজয়। যেখানে তিনিসহ আরও ১২ জন ক্রিকেটার। সেখানে সবার হাতে একটি খাম দেখা যায়। ধারণা করা হয় দেশিরা পারিশ্রমিক পেয়েছেন এই খামে করে। এরপর দেশি ক্রিকেটারা মাঠে আসলেও দেখা যায়নি দলটির বিদেশি কোনো ক্রিকেটারকে।
শেষ পর্যন্ত পারিশ্রমিক ইস্যুতে গতকালের ম্যাচটি বয়কট করে দুর্বারদের বিদেশি ক্রিকেটাররা। আর বিপিএলের গঠনতন্ত্র অনুযায়ী, অন্তত দুইজন বিদেশি ক্রিকেটার নিয়ে একাদশ সাজাতে হয়। এমন অবস্থায় বিপিএল টেকনিক্যাল কমিটির বিশেষ অনুমতিতে কোনো বিদেশি ছাড়াই ম্যাচ খেলার সুযোগ পায় রাজশাহী।
