মেঘনার পানি দূষিত হয়ে ভেসে উঠছে মরা মাছ

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১৯:০৩

চাঁদপুরের মতলব উত্তরে কলকারখানার দূষিত কেমিক্যালযুক্ত পানি মেঘনা নদীর তলদেশে ছড়িয়ে পড়ায় দেশি জাতের মাছ মরে ভেসে উঠছে। দূষিত হচ্ছে নদী-তীরবর্তী এলাকার পরিবেশ।

সোমবার (২৭ জানুয়ারি) উপজেলার এখলাছপুর, দশানী, ষাটনল, জেলেপাড়া, বাবু বাজার, এলাকায় মেঘনা নদীতে মরা মাছ ভাসতে দেখা যায়। ওই এলাকা পানি থেকে দুর্গন্ধ বের হচ্ছে জানান স্থানীয়রা।

ইমাম হোসেন, প্রদীপ বর্মণ, সুভাষ বর্মণসহ একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীতীরের বিভিন্ন কল-কারখানার বিষাক্ত কেমিক্যালযুক্ত পানি মেঘনা নদীতে এসে পড়ে। এতে নদীর পরিবেশ দূষিত হয়ে দেশীয় ছোট-বড় মাছ মরে ভেসে উঠছে। পঁচা মাছের গন্ধে নদীতীরের বাসিন্দারা কষ্টে আছে।

স্থানীয় দশানী জামে মসজিদের খতিব মাওলানা ইমদাদুল হক বলেন, গত শুক্রবার সকালে নদী এলাকায় কিছু দেশীয় প্রজাতির মাছ মরে পাড়ে ভেসে উঠে। তবে ওই দিনের পর আর মাছ ভেসে উঠেনি। গত বছরও এই সময়ে এ রকম মাছ মরার ঘটনা ঘটে।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, ঢাকা, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার নদীর পানি এখানে মিশছে। শহরের বিভিন্ন কারখানার দূষিত বর্জ্য ও ময়লা-আবর্জনা নদীতে ফেলা হচ্ছে। এ কারণে পানির পিএইচ ও অ্যামোনিয়া মাত্রার চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে। দ্রবীভূত অক্সিজেন প্রায় শূন্যের কোটায় নেমে আসায় বিভিন্ন জাতের বড় মাছ, মাছের পোনা ও জলজ প্রাণী মারা যাচ্ছে।

মতলব উত্তর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, মাছ মারা যাওয়ার কারণ অনুসন্ধান করা হবে। বর্জ্যের কারণে নদীর পানিতে অক্সিজেন কমে যাওয়ায় মাছ মরে ভেসে ওঠে। পানিতে মিশে থাকা দূষিত পানির নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই পানি পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হবে।

গত বছর মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকায় পানিতে দূষণের মাত্রা বেড়ে যায় এবং অক্সিজেন কমে যাওয়া মাছ মরে ভেসে উঠে। তবে এ বিষয় নিয়ে মৎস্য গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তারা কাজ করছেন বলে জানা গেছে।

ইত্তেফাক/জেডএইচডি