আমরা হামাসের দয়ার ওপর নির্ভর করছি: ইসরায়েলি জেনারেল

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ২০:৫৫

উত্তর গাজার জন্য 'আত্মসমর্পণ অথবা অনাহার' কৌশল প্রস্তাব করা ইসরায়েলি সাবেক সেনা জেনারেল বলেছেন, যুদ্ধ খুব খারাপভাবে শেষ হয়েছে। আমরা হামাসের দয়ার ওপর নির্ভর করছি।

জেনারেল জিওরা এইল্যান্ড ইসরায়েলি আর্মি রেডিওকে বলেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি অনুযায়ী হাজার হাজার ফিলিস্তিনি ব্যাপকভাবে উত্তরাঞ্চলে ফিরে এসেছে।

তিনি মনে করেন, নেটজারিম করিডোর খুলে দিয়ে ইসরায়েল হামাসের ওপর প্রভাব বিস্তার হারিয়েছে। যুদ্ধ পুনরায় শুরু করলেও এই প্রভাব পুনরুদ্ধার করতে পারবে না ইসরায়েলি বাহিনী।

ইসরায়েল হামাসকে ধ্বংস করা, শাসন থেকে সরিয়ে দেওয়া বা কয়েক ডজন বন্দীকে নিরাপদে ফিরিয়ে আনাসহ ঘোষিত যুদ্ধের সব লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে হামাস যা চেয়েছে তার সবই অর্জন করেছে বলেও উল্লেখ করেন।

জিওরা এইল্যান্ড 'জেনারেলদের পরিকল্পনা' শীর্ষক একটি পরিকল্পনার প্রধান লেখক। এই পরিকল্পনার অধীনে উত্তর গাজাকে 'বদ্ধ সামরিক অঞ্চল' ঘোষণা করা, মানবিক সহায়তা বন্ধ করে দেওয়া এবং সেখানে কেউ অবশিষ্ট থাকলে তাকেও যোদ্ধা হিসাবে বিবেচনা করার আহ্বান জানিয়েছিলেন তিনি। সম্প্রতি পরিকল্পনাটি বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের কাছে উপস্থাপন করা হয়েছিল।

ইত্তেফাক/এসকে