খুলনার দাকোপ উপজেলায় শচীন্দ্রনাথ মন্ডলের (৪৫) ও তার স্ত্রী মলিনা মন্ডলের (৪১) মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রামনগর গ্রামে তাদের নিজ বসতঘর থেকে লাশ উদ্ধার করা হয়। এ সময় শচীন্দ্রনাথ মন্ডলের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পাশেই পড়ে ছিল তার স্ত্রী মলিনা মন্ডলের ক্ষতবিক্ষত নিথর দেহ।
শচীন্দ্রনাথ মন্ডল কৈলাশগঞ্জ ইউনিয়নের রামনগর গ্রামের অজিত মন্ডলের ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক দ্বন্দ্বের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর নিজে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন শচীন্দ্রনাথ মন্ডল।
দাকোপ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, সোমবার রাতে খাওয়া-দাওয়া শেষ করে পরিবারের সকলে নিজ নিজ স্থানে ঘুমিয়ে পড়ে। সকালে শচীন্দ্রনাথ মন্ডলের ছেলে ঘরে মায়ের লাশ এবং ঝুলন্ত অবস্থায় বাবার মরদেহ দেখতে পায়। তার চিৎকারে আশেপাশের লোক এসে পুলিশকে খবর দেয়। পুলিশ স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
তিনি আরও জানান, মলিনা মন্ডলের মুখে ও শরীরের বিভিন্ন স্থানে বড় বড় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে ময়নাতদন্ত শেষে জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে শচীন্দ্রনাথ মন্ডলের ছেলে শুভাংশু মন্ডল বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন এবং একই সঙ্গে একটি ইউডি মামলাও হয়েছে।
