যশোরের মণিরামপুরে ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানের আরও দুই যাত্রী।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে যশোর-চুকনগর মহাসড়কের মণিরামপুর হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মনিরামপুর উপজেলার ফেদাইপুর গ্রামের ভ্যানচালক মোসলেম সরদার (৫৫) এবং একই উপজেলার মুনশি খানপুর গ্রামের কাপড় ব্যবসায়ী রবিউল ইসলামের স্ত্রী রুপা খাতুন (৪০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে যশোর-চুকনগর মহাসড়কের মণিরামপুর হাসপাতাল মোড়ে যশোরগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষ হয়। এতে চূর্ণবিচূর্ণ হয়ে যায় ভ্যানটি। এ সময় ভ্যানে দুজন নারী ও এক শিশু ছিল।
এরমধ্যে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ভ্যানচালক। হাসপাতালে নেওয়া হলে রুপা খাতুন নিহত হন।
মনিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত কুমার দাস জানান, স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
