তিন ইসরায়েলি ও পাঁচ থাই নাগরিককে মুক্তি দিল হামাস

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ২০:০৫

গাজা উপত্যকা থেকে তিন ইসরায়েলি ও পাঁচ জন থাইল্যান্ডের নাগরিকসহ সাত জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তাদের ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়।

এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল সরকার ফেরত আসাদের গ্রহণ করছে। দায়িত্বশীল কর্তৃপক্ষ তাদের পরিবারকে অবহিত করেছে যে, তারা আমাদের বাহিনীর কাছে আছে। এর মধ্যে আমাদের নাগরিকরা হলেন আরবেল ইহুদ ও গাদ মোশে মোজেস।

এছাড়া মুক্তি পাওয়া থাইল্যান্ডের নাগরিকরা হলেন- ওয়াচারা শ্রীআউন, পংসাক তান্না, সাথিয়ান সুওয়ান্নাখাম, সুরাসাক লামনাউ ও বান্নাওয়াত সাইথাও।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, উপচেপড়া ভিড়ের মধ্যে বন্দিদের হস্তান্তরের দৃশ্য মর্মান্তিক। এ দৃশ্যের পুনরাবৃত্তি যাতে না ঘটে তা নিশ্চিত করতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে, তিন ইসরায়েলি ও পাঁচ থাই বন্দির মুক্তির বিনিময়ে ইসরাইলি কারাগারে আটক ১১০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। তবে আজ এই মুক্তির প্রক্রিয়া পিছিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের কান ব্রডকাস্টার জানিয়েছে, সরকার কারাগার কর্তৃপক্ষকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ফিলিস্তিনি বন্দিদের মুক্তি স্থগিত করার নির্দেশ দিয়েছে। ৩০ জন শিশুসহ ১১০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। তবে বিশৃঙ্খলার কারণে মুক্তি পিছিয়ে গেছে।

ইত্তেফাক/এসকে