মনোহরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১০:৪৩

কুমিল্লার মনোহরগঞ্জে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ২৯৭ পিস ইয়াবা, নগদ ৬৭ হাজার টাকা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানোর কথা জানায় পুলিশ।

মাদক ব্যবসায়ী কামাল হাসনাবাদ ইউপির নিশাচরা গ্রামের রুহুল আমীন বাচ্চুর ছেলে ও লিটন একই ইউপির মনিপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

জানা যায়, ২৯ জানুয়ারি দিবাগত রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও মনোহরগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার হাসনাবাদ ইউপির আশিয়াদারি এলাকা থেকে মাদক ব্যবসায়ী কামাল (২৮) ও মনিপুর থেকে লিটন (৩৫) কে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ২৯৭ পিস ইয়াবা, নগদ ৬৭ হাজার টাকা ও এ কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তারা উভয়েই সেনাবাহিনীর নজরদারিতে থাকাবস্থায় ইয়াবা সরবরাহের সময় আটক হয়। যৌথ অভিযানে মনোহরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর সিরাজুল ইসলামসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামীদের বিরুদ্ধে এর আগেও মাদক আইনে একাধিক মাদক মামলা রয়েছে।

বৃহস্পতিবার সকালে আসামীদের কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর কথা জানান তিনি।

ইত্তেফাক/এএইচপি