পটুয়াখালীতে জড়াজীর্ণ ২৪২ আয়রন ব্রিজ, স্থানীয়দের দুর্ভোগ

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১৬:২৩

পটুয়াখালী জেলায় ৮ টি উপজেলার বিভিন্ন স্থানে সংস্কারাভাবে ২৪২ টি আয়রন ব্রিজ জড়াজীর্ণ হয়ে পড়েছে। এসব ব্রিজ দিয়ে স্থানীয়রা উপজেলা ও জেলা শহরসহ বিভিন্ন স্থানে সহজে যাতায়াত করতে পারলেও এখন তারা দুর্ভোগে পড়েছেন। ব্রিজের বেহাল অবস্থা থাকায় স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও দুর্ভোগ পাহাচ্ছেন। এসব ব্রিজ দ্রুত মেরামত বা পূর্ননির্মাণের জন্য স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

পটুয়াখালীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জেলার গ্রামীণ সড়কে যোগাযোগ সহজতর করতে জেলার ৮ টি উপজেলার বিভিন্ন খালের ওপর আয়রন ব্রিজ নির্মাণ করেন। ৯০ দশক থেকে ২০০০ সালের মধ্যে এসব ব্রিজ নির্মাণ করা হয়। দীর্ঘ সংস্কারাভাবে এসব ব্রিজ জড়াজীর্ণ হয়ে পড়ে। আবার কোনোটি জলযানের ধাক্কায় ভেঙ্গেও যায়।

এসব ব্রিজের মধ্যে এলজিইডি পটুয়াখালী জেলায় ২৪২টি ব্রিজ জড়াজীর্ণ ও ঝুঁকিপুর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এসব ঝুকিপূর্ণ ব্রিজের মধ্যে রয়েচে বাউফল উপজেলায় ৬৩ টি, মির্জাগঞ্জে ৫৬ টি, পটুয়াখালী সদর উপজেলায় ৪২ টি, গলাচিপায় ৩৫ টি এবং দশমিনা, রাঙ্গাবালী ও কলাপাড়ায় ১০ টি করে। এর মধ্যে ৪ টি ব্রিজ মেরামতযোগ্য হলেও বাকিগুলো প্রতিস্থাপন বা নতুন ব্রিজ নির্মাণ করতে হবে।

এসব জড়াজীর্ণ ব্রিজের একটি হচ্ছে দুমকি উপজেলার লেবুখালী সরকারি হাবিবুল্লাহ উচ্চবিদ্যালয় সংলগ্ন ভাড়ানী খালের ওপর নির্মিত ব্রিজ। ২০২১ সালের মাঝামাঝি সময়ে বালুভর্তি ট্রলারের ধাক্কায় ব্রিজটির একাংশ ভেঙ্গে খালে পড়ে গেলে দু‘পাড়ের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুস সালাম জানান, ‘খালের উভয় তীরে সাপ্তাহিক বাজার বসে। বাজারের কয়েক হাজার লোকজন ও লেবুখালী সরকারি হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত ছয় শতাধিক শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীসহ পথচারী লোহার ব্রিজটি দিয়ে যাতায়াত করত। এখন তাদের খেয়া-নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। এ নিয়ে আমরা মানব বন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও এখন পর্যন্ত ব্রিজটি নির্মাণ করা হয়নি।’

এদিকে, ২০০৮-২০০৯ অর্থ বছরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের লক্ষীবাজার সংলগ্ন খাপড়াভাঙ্গা নদীর ওপর নির্মিত জরাজীর্ণ আয়রন ব্রিজটি ২০২০ সালের ২ এপ্রিল ভেঙে পড়ে। বঙ্গোপসাগর সংলগ্ন এ খালে প্রবল জোয়ারের চাপে ব্রিজটি মাঝ বরাবর ভেঙে পড়ায় অন্তত ১৫ গ্রামের মানুষের যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে।

গলাচিপা উপজেলার আমখোলা ইউপি চেয়ারম্যান মনির হোসেন বলেন, ‘আমার এলাকায় নির্মিত কমপক্ষে ৫ টি আয়রন ব্রিজ দীর্ঘদিন সংস্কারাভাবে জড়াজীর্ণ হওয়ায় পারাপারে অনুপযোগী হয়ে পড়েছে। এসব ব্রিজ মেরামত বা প্রতিস্থাপনের জন্য উপজেলা উন্নয়ন কমিটির সভায় এবং এলজিইডি অফিসে একাধিকবার চিঠি দিয়েছি কিন্তু কোন প্রতিকার পাচ্ছি না। এতে জনদুর্ভোগ চরমে পৌছেছে।’

পটুয়াখালী এলজিইডি‘র নির্বাহী প্রকৌশলী হোসেন আলী মীর জানান, ‘জেলার বিভিন্ন স্থানে নির্মিত ২৪২ টি জড়াজীর্ণ ব্রিজের তালিকা করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে
পাঠানো হয়েছে। তাদের নির্দেশনা পেলে প্রাক্কলন তৈরি করে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে এসব ব্রিজ মেরামত বা নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়া হবে।’

ইত্তেফাক/এএম