ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও পাটুরিয়া নৌরুটে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় নৌরুটে কুয়াশার ঘনত্ব কমে আসলে ফেরি চলাচল চালু বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, শুক্রবার দিবাগত রাত ১২ টা থেকে নৌরুটে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যানেলে মার্কিং পয়েন্ট ও বিকন বাতি অস্পষ্ট হয়ে যায়। এতে করে নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে দৌলতদিয়া ঘাট প্রান্তে যাত্রী ও যানবাহন বোঝাই করে ৫টি ফেরি নোঙর করে।
ঘাট ঘুরে দেখা গছে, ফেরি বন্ধ থাকায় নৌ-রুটের দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় ২ কিলোমিটার জুড়ে যানবাহন নদী পাড়ের অপেক্ষায় রয়েছে৷ নদী পাড়ের অপেক্ষায় আটকে থাকা যানবাহনের চালক, হেলপার ও যাত্রীরা তীব্র শীতে চরম দুর্ভোগে পড়েন।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে আসায় সকাল পৌনে ১১টায় দৌলতদিয়া -পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। নৌ-রুটে ১৫টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। জরুরী পণ্য কাঁচামাল, এম্বুলেন্স, যাত্রীবাহী বাস অগ্রাধিকার দিয়ে পারাপার করা হচ্ছে।

