কোচ পিটার বাটলারের সঙ্গে সিনিয়র ফুটবলারদের দ্বন্দ্ব পুরোনো। দ্বিতীয় মেয়াদে আবারও নারী ফুটবল দলের দায়িত্ব পেয়েছেন এই ইংলিশ কোচ। বাটলারের অধীনে খেলতে চান না সিনিয়র ফুটবলাররা। তিনি কোচ থাকলে গণ অবসরের হুমকিও দিয়েছেন সিনিয়র ফুটবলাররা।
সিনিয়র ফুটবলারদের বিদ্রোহের মাঝেই অনুশীলন শুরু করেছেন বাটলার। শনিবার (১ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৩ নারী ফুটবলার নিয়ে অনুশীলন শুরু করেন তিনি। কোচের বিরুদ্ধে বিদ্রোহের কারণে ফুটবলারদের বড় একটি অংশ এই অনুশীলনে নেই।
৩১ জন ফুটবলারকে ক্যাম্পে ডেকেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর মধ্যে আনাই মগিনি এখনও যোগ দেননি। বাকি ৩০ জনের মধ্যে ১৩ জন বাটলারের প্রথম অনুশীলন করেছেন। অনুশীলনে আসা ফুটবলাররা হলেন– রিপা, আফিদা, আইরিন, কোহাতি কিসকু, প্রান্তি, স্বপ্না, ইয়ারজান, অর্পিতা, হালিমা, আকলিমা, মুনকি, সুরমা ও প্রীতি।
জাতীয় দলের বাকি ১৮ জন অনুশীলন বয়কট করেছেন। সাবিনা, কৃষ্ণা, মারিয়া, সানজিদা, মাসুরা, মারিয়া, মনিকা, ঋতুপর্ণা, রূপ্না চাকমার মতো সিনিয়র খেলোয়াড়ের পাশাপাশি নীলার মতো উঠতি কয়েকজনও আছেন এই বয়কটে।
গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই কোচের অধীনে না খেলার কথা জানান তারা। সিনিয়র নারী ফুটবলারদের প্রায় সবাই এক যোগে গণমাধ্যমে সাফ জানিয়েছেন, ‘আমরা এই কোচের অধীনে অনুশীলন করবো না। এই কোচ থাকলে আমরা সম্মান নিয়ে বিদায় নিবো।’
গত সাফ চলাকালীন কোচের সঙ্গে সিনিয়র ফুটবলারদের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। সাফ চ্যাম্পিয়ন হলেও সাবিনা খাতুনরা নাখোশ ছিলেন কোচ বাটলারকে নিয়ে। বাফুফে খেলোয়াড়দের সমস্যার বিষয়টি গুরুত্ব না দিয়ে দুই বছরের জন্য কোচের সঙ্গে চুক্তি করে।
