আজ শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। অনেক তারকাই তাদের নতুন বই প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। শোবিজ অঙ্গনের তারকাদের বইয়ের প্রতি পাঠকদের থাকে অন্য রকম আগ্রহ। এবারও লেখক তালিকায় রয়েছে অভিনয়শিল্পী, গায়ক, গীতিকবিসহ কিংবদন্তি তারকা। এবার একুশে বইমেলায় প্রকাশিত হবে যে সকল তারকাদের বই তাদের নিয়েই এই আয়োজন।
ফাহমিদা নবীর বই 'ফাহমিদা নবীর ডায়েরি'। ছোটবেলা থেকেই ডায়েরি লিখতে ভালোবাসেন এ সংগীতশিল্পী। তার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনাপ্রবাহ লিখে রেখেছেন ডায়েরিতে। সেই লেখাগুলোই বই আকারে এবার বইমেলায় প্রকাশ করছেন তিনি। বইটি প্রকাশ করছে শব্দশিল্প প্রকাশনী।
বইটি নিয়ে ফেসবুকে এক পোস্টে ফাহমিদা নবী লিখেছেন, 'ছোটবেলা থেকেই আমার বাবার লেখা, কথার ভঙ্গি, গান গাইবার অনুভব আমাকে অনুপ্রাণিত করত। আম্মাকে দেখতাম বই পড়তে, ডায়েরি লিখতে। খুব ভালো লাগত। আমিও লেখার চেষ্টা করতাম, এখনো করি।' জীবনের অনেক অভিজ্ঞতাই লেখার মাধ্যমে তুলে ধরেন এই শিল্পী। তিনি মনে করেন গানের গভীরতায় জীবনবোধ, আর চারপাশের যাপিত জীবন কোনোটাই জীবনদর্শনের বাইরে নয়।
গত বছরের শেষে প্রকাশ হয়েছে বরেণ্য অভিনেতা, নাট্যকার আবুল হায়াতের আত্মজীবনী 'রবি পথ'। এটি এবার পাওয়া যাবে বইমেলায়। আবুল হায়াত তার বই প্রসঙ্গে বলেন, 'জন্ম থেকে এ পর্যন্ত যেসব কথা মনে হয়েছে বলা দরকার, বলেছি। সব মিলিয়ে নিজেকে প্রকাশের চেষ্টা করেছি এই বইয়ে। আশা করছি, সবকিছু মিলিয়ে আমার পুরো যাত্রাপথ জানা যাবে।' এটি প্রকাশ করেছে 'সুবর্ণ'।
অভিনেতা ডা. এজাজুল ইসলাম গত বছর হুমায়ূন আহমেদকে নিয়ে একটি বই প্রকাশ করে লেখক হিসেবে শিরোনামে আসেন। এই বছর তিনি দুটি বই নিয়ে এসেছেন। বই দুটির নাম 'হুমায়ুন স্যার এর চোখে জল' এবং 'হুমায়ুন স্যার এর শুটিং'। অভিনেতা ফারুক আহমেদ গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে
বই প্রকাশ করছেন। এবার তিনি মেলায় 'আমার না বলার কথা', এবং 'হাউ মৌ খাও' নামের দুটি নতুন বই প্রকাশ করছেন।
বইমেলা প্রসঙ্গে তিনি বলেন, 'এখানে বইমেলা শুরু হওয়ায় মনে হচ্ছে সময় সত্যিই উড়ে গেছে। আমি আগে পাঠক হিসেবে উপস্থিত থাকতাম, কিন্তু এখন আমি একজন লেখক হিসেবে মেলায় যাই। এটা অন্য রকম অনুভূতি।'
গীতিকার ও কণ্ঠশিল্পী লুৎফর হাসানের 'টাইপ-সি' আসছে অন্যপ্রকাশ থেকে। অভিনেত্রী ফারজানা ছবির উপন্যাস 'বৃত্তবাস' প্রকাশ হবে মিজান পাবলিশার্স থেকে।
সংগীতশিল্পী জয় শাহরিয়ারের কবিতার বই 'সুর ছাড়া কবিতারা' প্রকাশ হবে 'আজব প্রকাশ' থেকে। এছাড়াও নন্দিত অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন ও কণ্ঠশিল্পী পুতুলের নতুন বই আসার কথা রয়েছে এবারের বই মেলায়।
