কুমিল্লায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৯

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মো. সেলিম ভূঁইয়া (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। তিনি উপজেলার হেঁসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বাংঙ্গড্ডা ইউনিয়নের বাংঙ্গড্ডা বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে বাংগড্ডা বাজারে নাঙ্গলকোট উপজেলা বিএনপির সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার একটি সমাবেশ হওয়ার কথা ছিল। সেখান দিয়ে সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া সমর্থিত একটি গাড়িবহর অতিক্রম করার সময় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সেলিম ভূঁইয়া নিহত হন। এছাড়া বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

নিহত সেলিম সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়ার কর্মী ছিলেন বলে দাবি নেতাকর্মীদের।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, দুইপক্ষের মারামারিতে একজন নিহত হয়েছেন। তার মৃতদেহ হাসপাতালের রয়েছে।

ইত্তেফাক/এমএএস