জীবনের গল্প নিয়ে প্রথমবারের মতো পডকাস্টে নায়ক আলমগীর

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫১

অভিনয়ের অর্ধশত বছর পেরিয়ে এসেছেন নায়ক আলমগীর। ১৯৭২ সালের ২৪ জুন আলমগীর কুমকুম পরিচালিত 'আমার জন্মভূমি' চলচ্চিত্রের জন্য প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি। এখনও তাকে চিরসবুজ নায়ক হিসেবেই ইন্ডাষ্ট্রির মানুষরা সম্বোধন করেন। 

অভিনয় এখন আগেরমত নেই, তবে ব্যক্তিত্ব সেই আগের মতই চিরচেনা। এই নায়ককে খুব একটা মিডিয়ার সামনে আসতে দেখা যায় না, কথাও বলেন মেপে মেপে।  বাংলা চলচ্চিত্রের এই তারকা মনে করেন, একজন অভিনয়শিল্পী কোনোদিন অবসর নিতে পারেন না। তারা বিরতি নিতে পারেন।

নতুন খবর হলো, বাংলা চলচ্চিত্রের এই তারকা প্রথমবারের মতো একটি পডকাস্ট শোতে আসছেন। ‘আমি আলমগীর’ নামের এই শোতে নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে নানা কথা বলবেন দর্শকদের উদ্দেশে।

নায়ক আলমগীর। ছবি: সংগৃহীত

আয়োজকদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানের শুরুতেই আলমগীর তার সিনেমার পরিচালকদের নিয়ে স্মৃতিচারণা করবেন।

এ প্রসঙ্গে আলমগীর গণমাধ্যমকে বলেন, ‘আমি আপনাদের আলমগীর হতে পেরেছি আমার সিনেমার পরিচালকদের জন্য। তাদের বলা হয় ক্যাপ্টেন অব দ্য শিপ। তাই প্রথমে আমি ক্যাপ্টেনদের সম্মান জানাতে চাই।’

রোববার (২ ফেব্রুয়ারি) রাত আটটায় আইজ অন ফেসবুক পেজ ও আইজ অন স্টুডিও ইউটিউব চ্যানেলে শোটির টিজার উন্মুক্ত হবে বলে জানা গেছে। ৯ ফেব্রুয়ারি রাত ৮টায় প্রচার শুরু হবে তার প্রথম পডকাস্ট ‘আমি আলমগীর’।

ইত্তেফাক/এসএ