বিপিএলের শেষ চারের খেলা শুরু আজ 

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২০

সাত দল নিয়ে গেল ৩০ ডিসেম্বর থেকে শুরু হওয়া একাদশ বিপিএল প্রায় শেষের পথে। পুরো আসর জুড়ে নানা ঘটনা-অঘটন, নাটকীয়তা-উন্মাদনা-বিতর্কের মধ্য দিয়ে শেষ হয়েছে গ্রুপ পর্বের ৪২ ম্যাচ। এখন ফাইনালসহ টুর্নামেন্টের বাকি আর মাত্র চার ম্যাচ। যার মধ্যে আজ অনুষ্ঠিত হবে দুটি। সেগুলো হলো এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। 

যেখানে দুপুরে প্রথমটিতে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স। এই ম্যাচে হারলেই বাদ। আর জয়ী দলের জন্য থাকবে ফাইনালে খেলার সুযোগ। পাশাপাশি দিনের দ্বিতীয় ম্যাচ অর্থাৎ প্রথম ফাইনালিস্ট হিসেবে নিজেদের জায়গা নিশ্চিত করার ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। এই ম্যাচে যারা হেরে যাবে তারা খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। সেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে এলিমিনেটর ম্যাচের জয়ী দল। 

এবারের বিপিএল অন্যরকম হবে তা আসর শুরুর আগেই জানিয়েছিল বিসিবি। মাঠের বাইরের আলোচনা এড়িয়ে গেলে আসলেও তেমনি দেখা গিয়েছে। লম্বা সময় পরে মাঠে দেখা গিয়েছে চার-ছক্কার ফুলঝুড়ি। বলা চলে অন্য ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর মতো ব্যাটারদের তাণ্ডব। গ্রুপ পর্বের ৪২ ম্যাচে ব্যাটারদের ব্যাট থেকে দেখা গিয়েছে ৬৭১ ছক্কা ও ১০৬১টি চারের মার। বেশির ভাগ ম্যাচই দেখা গিয়েছে ২০০ রানের। সব মিলিয়ে দর্শকরা বেশ উপভোগ করেছে।

ইত্তেফাক/জেডএইচ