সাতক্ষীরা জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪২

সাতক্ষীরা জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে জেলা বিএনপির সাবেক সভাপতি রহমতউল্লাহ পলাশকে আহবায়ক এবং যুবদল নেতা আবু জাহিদ ডাবলুকে সদস্য সচিব করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।এছাড়া নতুন আহবায়ক কমিটিতে চারজনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।

দায়িত্বপ্রাপ্তরা হলেন, আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতী, ড. মনিরুজ্জামান ও মো. আখতারুল ইসলাম।

এর আগে রোববার দুপুরে ঢাকার নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের এক সভায় সাতক্ষীরা জেলা বিএনপির কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয়া হয়।

ওই সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি রহমতুল্লাহ পলাশ, আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসান, সদস্য সচিব আব্দুল আলিম, যুগ্ম আহ্বায়ক মৃণাল কান্তি রায়, আয়নুল ইসলাম নান্টা প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে সাতক্ষীরায় সব ধরনের সম্মেলন, সদস্য ফরম বিতরণ ও কমিটি গঠন কার্যক্রম স্থগিত হয়েছে।

প্রসঙ্গত, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক টিমের সিদ্ধান্ত অনুযায়ী সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে সদস্য সংগ্রহ করে সম্মেলনের কথা ছিল।  বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে সম্প্রতি উত্তপ্ত হয়ে ওঠে সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গন। সাতক্ষীরা জেলা বিএনপির দুটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দলীয় কোন্দলে বিপর্যস্ত হয়ে পড়ে দলটি।

ইত্তেফাক/এপি