নিখোঁজের দুইদিন পর পুকুরে ভাসছিল সাবেক মহিলা মেম্বারের মরদেহ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৪

ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের দুইদিন পর সাবেক এক মহিলা মেম্বারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেলে (৩ ফেব্রুয়ারি) স্থানীয়রা নিহতের বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি মো. আব্দুস ছালাম।

নিহত মেম্বার আফরোজা খানম ফোরকোন (৬০) উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের দেওপাশা গ্রামের মৃত আ. ওহেদ খানের মেয়ে। তিনি শনিবার থেকে নিখোঁজ ছিলেন বলে তার ভাইয়ের ছেলে ফয়সাল খান আমান জানিয়েছেন।

আফরোজা খানম ২০১১ থেকে ২০১৬ সালে সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ফয়সাল খান আমান জানান, আমার ফুফু গত শনিবার থেকে নিখোঁজ ছিল। এ ব্যাপারে গতকাল আমরা নলছিটি থানায় একটি সাধারণ ডায়রি করেছিলাম। আজকে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নলছিটি থানার ওসি মো.আব্দুস ছালাম বলেন, আমরা পুকুরে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছি। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইত্তেফাক/এপি