সাভারে আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় গ্রেপ্তার ২

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৩

সাভারে আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে। বুধবার গভীর রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডের দিলকুশা মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- সাভার পৌর এলাকার জ্বালেশ্বর মহল্লার ইউসুফ আলী মৃধার ছেলে রুবেল (২৮) ও নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার সেমটি গ্রামের মোহাম্মদ মাসুদ খানের ছেলে আলিফ (১৯)।

পুলিশ জানায়, রাতে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের পোস্টার এবং লিফলেট বিতরণের চেষ্টা করেন রুবেল ও আলিফ। এ সময় সাভার থানার টহলরত পুলিশের নজরে পরলে তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার অভিযোগ রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমএএস