‘অযথা সময়ক্ষেপণ করে সরকারে থাকার বিন্দুমাত্র ইচ্ছা আমাদের নেই’

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫১

অযথা সময়ক্ষেপণ করে ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছা নেই অন্তর্বর্তী সরকারের নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে রাষ্ট্র মেরামতের মৌলিক শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে যে সংস্কারগুলো অতিজরুরি, সেগুলো করার সঙ্গে সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। এটা নিয়ে কোনোরকম দ্বিধা-দ্বন্দ্বের অবকাশ নেই।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে প্রেস উইংয়ের ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার বিষয়ে তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে থেকে আলোচনা শুরু করতে আগ্রহী। যদি তারা রাজি থাকেন, রোজার মধ্যেও আলোচনা চলবে। আর রাজনৈতিক দলগুলো যে দ্রুত নির্বাচন চান, আমি মনে করি সেটা বলার অধিকার তাদের আছে এবং দ্রুত বলতে কী, সেটা (তারা) স্পেসিফাই করে বলেননি।

উপদেষ্টা বলেন, নির্বাচনের সময়রেখা নিয়ে বারবার আমাদের প্রধান উপদেষ্টা এবং তার পক্ষে প্রেস সেক্রেটারিও ক্লেরিফাই করেছেন। ২০২৫ সালের ডিসেম্বর বা ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন হতে পারে। আবার বর্ষার কথা বিবেচনা করে ২০২৬ সালে সেটা এগিয়ে এপ্রিল বা মার্চে হতে পারে।

আসিফ নজরুল বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদনে আশু করণীয় বিষয়ে বলা আছে। সেগুলোর অনেক বিষয় আমরা ইতোমধ্যে করে ফেলেছি। বাকিগুলো কিছু ক্ষেত্রে আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে করে ফেলতে পারবো। আর কিছু কিছু বিষয় আছে, যেগুলোর ক্ষেত্রে রাজনৈতিক দলের ঐক্যমতের প্রয়োজন আছে।

উদাহরণস্বরূপ তিনি বলেন, সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা এগুলোর আশু করণীয় বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করতে হবে। আশু করণীয় বিষয়গুলোর মধ্যে ৫০ শতাংশই আগামী এক মাসের মধ্যে করে ফেলা সম্ভব বলেও মনে করেন এই উপদেষ্টা।

আসিফ নজরুল জানান, এ মাসের মাঝামাঝি সময় থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। প্রয়োজন হলে রোজার মাসেও এই আলোচনা চলমান থাকবে।

ইত্তেফাক/জেডএইচডি