গত শুক্রবার মারা যান সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডাব্লিউ বুশ (৯৪)। তার পোষ্য কুকুরের নাম সুলি। রবিবার আলোচনায় আসে সুলি। সিনিয়র বুশের মরদেহের পাশে মনমরা অবস্থায় বসে থাকা সুলির একটি ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। বুশ পরিবারের ‘মিশন সম্পূর্ণ’ শিরোনামের সাথে পোস্ট করা সুলির ছবিতে দেখা যাচ্ছে তাকে সিনিয়র বুশের পতাকা আবৃত মরদেহের সামনে বসে থাকতে।
উল্লেখ্য, সুলি বছর দুয়েকের হলুদ ল্যাব্রাডর রিট্রিভার প্রজাতির কুকুর। সোমবার বুশের মরদেহ টেক্সাস থেকে এয়ারফোর্স ওয়ান বিমানে ওয়াশিংটনে নেওয়া হয়। বুশের সম্মানে বিমানটির নাম সাময়িকভাবে ‘স্পেশাল এয়ার মিশন ৪১’দেওয়া হয়েছে। মরদেহের সঙ্গে সুলিকেও বিমানে নেওয়া হয়েছে। বুশকে শ্রদ্ধা জানানোয় সোশ্যাল মিডিয়ায় সুলির প্রশংসায় পঞ্চমুখ সবাই। - বিবিসি
ইত্তেফাক/আরকেজি
