চাঁদপুরে ৪০ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকও নেই ১২০ পদে

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০১

চাঁদপুরের ফরিদগঞ্জে ১৯০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪০টি বিদ্যালয়েই নেই প্রধান শিক্ষক। আর সহকারী শিক্ষকের ১৩৩৫টি পদের মধ্যে ১২০টি পদ শূন্য রয়েছে। ফলে স্কুলগুলোতে প্রশাসনিক ও শিশুদের পাঠদান কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। 

শুধু তাই নয়, সহকারী প্রাথমিক শিক্ষা-কর্মকর্তার (এটিইও) ৮টি পদের মধ্যে ৫টি পদই শূন্য রয়েছে দীর্ঘদিন যাবৎ। ফলে স্কুল পরিদর্শন ও দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। এতে স্বাভাবিক কার্যক্রম চালাতে মুশকিলে পড়তে হচ্ছে বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা। 

অভিভাবক ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যরা জানান, আমাদের কোমলমতি শিশু শিক্ষার্থীরা শিক্ষকের অভাবে পাঠ গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। তাছাড়া এখানে এ সমস্যা নিরসনে বিকল্প কোন ব্যবস্থা করা হচ্ছে না। অপরদিকে অনেক শিক্ষক প্রশিক্ষণে থাকায় এই সঙ্কটের মাত্রা বেড়েই চলেছে। 

এ বিষয়ে উপজেলা শিক্ষা-কর্মকর্তা শিরিন সুলতানা ইত্তেফাককে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট শূন্যপদের তালিকা পাঠানো হয়েছে। আশাকরি কম সময়ের মধ্যে এ সমস্যা নিরসন করা যাবে। তবে সহকারী শিক্ষা কর্মকর্তার ৫টি পদ শূন্য থাকায়, স্বাভাবিক অফিস কার্য চালাতে ও স্কুলগুলো নিয়মিত পরিদর্শন করাতে না পারায় শিক্ষার মান ঠিক রাখা কষ্ট হচ্ছে বলে জানান তিনি।

ইত্তেফাক/টিএইচ/এমএস