রংপুরে নিজ হাতে গড়া পল্লী নিবাসের লিচু বাগানে চির নিদ্রায় শায়িত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার ঢাকা ফিরে যাওয়ার পূর্বে বাবার কবর জিয়ারত করতে গিয়ে আবারো অঝোরে কাঁদলেন এরশাদের বড় ছেলে রাহগীর আল মাহী এরশাদ ওরফে সাদ এরশাদ।
বুধবার সকালে এরশাদের পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনেরা কবরের পাশে ফাতেহা পাঠ করেন। সাবেক রাষ্ট্রপতির মাগফেরাত কামনায় দোয়া করেন তারা। দুপুরে ঢাকায় ফেরার আগে বাবার কবর জিয়ারত করতে যান সা’দ এরশাদ।
আরও পড়ুন: দাফনের ১৩ দিন পর কবর থেকে তোলা হচ্ছে স্কুলছাত্রীর লাশ
এসময় সাদ এরশাদের সঙ্গে ছিলেন চাচাতো ভাই সামসুজ্জামান মুকুল, জাপার প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের ভাতিজা মেজর (অব.) খালেদ আখতার, ব্যক্তিগত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মুন্সি আব্দুল বারীসহ পরিবারের অন্য সদস্যরা।

উল্লেখ্য, গত রবিবার (১৪ জুলাই) সকাল পৌনে ৮টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদ। চার দফা জানাজা শেষে মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় রংপুরের পল্লী নিবাসে তাকে সমাহিত করা হয়।
ইত্তেফাক/বিএঐফ
